রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২টি একে-৪৭ অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর আস্তানায় অভিযান পরিচালনা করে। এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোন।
সেনা সূত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় সশস্ত্র সন্ত্রাসী দল সেনাবাহিনীর অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
