শনাক্ত-মৃত্যু দুটোই বেড়েছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

দেশে গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্তদের ৫১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরো ১ হাজার ৮৭১ জনের মধ্যে। যা আগের দিনের তুলনায় বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৩১ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭ জন নতুন রোগী শনাক্ত এবং ৪৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সেই হিসেবে গত এক দিনে  কোভিডে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। 

গত এক দিনে সারা দেশে মোট ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ, যা আগের দিন ৭ দশমিক ০৩ শতাংশ ছিল। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ২৫৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের দুই-তৃতীয়াংশ।

৫৪৩ দিন পর গতকাল দেশের স্কুল-কলেজ খুলেছে। আর তাতে প্রাণ ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে। তবে স্কুলের সামনে অভিভাবকরা জটলা করেছেন। আর এই জটলা দেশের করোনা সংক্রমণের বর্তমানের নিম্নমুখিতাকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।