শাহবাগে বেপরোয়া বাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

রাজধানীর শাহবাগে গণপূর্ত অধিদপ্তরের সামনের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আওয়াল (৬৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। মিডলাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছেন পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা। গতকাল রবিবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা ঐ রিকশাচালককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, ঘটনার পরপরই মিডলাইন বাসটি জব্দ ও এর চালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।