উত্তরায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

ঢাকার উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পরিবার থেকে মোবাইল ফোন না পেয়ে ঐ কিশোর আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। উত্তরার ৯ নম্বর সেক্টরের শাহীন স্কুলের ছাত্রাবাসে দশম শ্রেণিতে পড়ুয়া ঐ শিক্ষার্থীর লাশ শনিবার বিকালে উদ্ধার করে পুলিশ।

ঐ শিক্ষার্থীর বাবা-মা দুই জনই পল্লী বিদ্যুতে চাকরি করেন। একমাত্র সন্তানকে পড়াশোনার জন্য উত্তরার ঐ স্কুলের ছাত্রাবাসে দিয়েছিলেন তারা। করোনা ভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ছিল বন্ধ। গতকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শনিবার দুপুরে ঐ কিশোরকে ছাত্রাবাসে দিয়ে গিয়েছিলেন বাবা। এরপর বিকালে তাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে হাসপাতালে নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ; কিন্তু বাঁচানো যায়নি।

উত্তরা পশ্চিম থানার এসআই লাল মিয়া বলেন, ঘটনার পর তার এক গৃহশিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোর ঐ শিক্ষার্থী করোনাকালীন সময়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে। লেখাপড়ায় কোনো আগ্রহ ছিল না। সব সময় মোবাইলে গেম খেলত। বাসা থেকে তাকে মোবাইল না দেওয়ায়, গতকাল বুয়ার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় এবং মোবাইলে গেমের প্রতি আসক্ত হয়ে পড়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে।