ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় ইউনূসসহ চার জনকে আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান গতকাল রবিবার এ সমন জারি করেন।

সমন পাওয়া অন্য তিন জন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে—১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদি হয়ে ফৌজদারি আইনে এ মামলা করেছেন।