আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সত্যকে ঢাকতে সরকার ১ লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের প্ল্যাটফরম তৈরি করেছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকার দিনের ভোট রাতে করে, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। এবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফরমে টাকা দিয়ে প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্ট নিয়োগ দিচ্ছে সরকার। সাংবাদিকরা যাতে সঠিক তথ্য প্রচার করতে না পারে সেজন্য এই লাখো অ্যাক্টিভিস্টের প্ল্যাটফরম তৈরি করা হয়েছে।
গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের অকাল মৃত্যুতে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।’ আর প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে লিখেছেন, ‘যখন জানতে পেলাম একজন মেজর (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তখন আমি ও শেখ হাসিনা একসঙ্গে সেই ঘোষণা শুনলাম।’
