রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আলী (২০)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রাজীব জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে আলী পাশের একতলার ছাদের ওপর পড়ে গেলে পেটে রড ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
