আপত্তিকর ভিডিও ভাইরাল

আওয়ামী নেতা কাউন্সিলর চিত্তরঞ্জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানায় ভুক্তভোগী এক নারী মামলাটি দায়ের করেন।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মুরাদুল ইসলাম জানিয়েছেন, ‘ভুক্তভোগী ওই নারী এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় চিত্তরঞ্জন দাসকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গতকাল রবিবার থানা থেকে মামলার এজাহার আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এজাহার গ্রহণ করেন। এরপর সবুজবাগ থানার এসআই (নিরস্ত্র) আসলাম আলীকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি সড়ক সংলগ্ন এলাকার ঐ নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের দোকানদার দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার ব্যাপারে সত্যতা যাচাই করতে ওই নারী চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দিলে তিনি তাকে রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। পরে  সেখানে ঐ নারীকে  জোরপূর্বক যৌন হয়রানি করেন।