ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের উপর বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করবে ওরাকল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

বিশ্বজুড়ে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (ওসিআই) এর উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং  সার্টিফিকেট প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে ওরাকল। নতুন এ কর্মসূচীতে সবরকম দক্ষতার স্তর এবং বিভিন্ন আইটি পেশার জন্য ওরাকলের বিশেষজ্ঞ কর্তৃক প্রণোদিত ওসিআই কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীরা ১৩ টি ভাষায় প্রয়োজন অনুসারে ওসিআই এর সকল কোর্স ডিজিটালি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও ওরাকল অটোনোম্যাস ডাটাবেজসহ আরো ১০ টি কোর্স নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে সম্পন্ন করার সুযোগ দিচ্ছে ওরাকল।

প্রতিষ্ঠানগুলো তাদের জটিল সব কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিনিয়ত ওসিআই’কে বেছে নিচ্ছে, কারন এটি দ্রুততার সাথে যেকোনো ধরনের কাজের চাপ নিতে পারে, এর পরিচালনা ব্যয় কম এবং এটি বিশ্বব্যাপী বিস্তৃত নিরাপদ প্লাটফর্ম হিসাবে স্বীকৃত। যেহেতু ওসিআই এর ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই ওরাকল গ্রাহকদের সহায়তা প্রদান করে এমন প্রোগ্রামগুলিতে বিনিয়োগ বৃদ্ধি করেছে। সেই সাথে ওরাকল ক্লাউড থেকে সর্বাধিক সুবিধা পেতে সহায়তা করার জন্য প্রাসঙ্গিক এবং হাতে-কলমে দক্ষতা প্রশিক্ষণের ব্যাপ্তি বাড়াচ্ছে।

ওরাকলের এই নতুন কর্মসূচীতে অন্তর্ভুক্ত থাকছে—

১। বিভিন্ন পেশা ও লেভেলের জন্য ১৩ টি ভাষায় সম্পূর্ণ ডিজিটাল ওসিআই প্রশিক্ষণ।

২। ওরাকল ক্লাউড ফ্রি টিয়ারের মাধ্যমে লাইভ এনভাইরনমেন্টে ব্যবহারিক দক্ষতা অর্জন

৩। প্রস্তুতি কোর্স থেকে শুরু করে প্র্যাকটিস এক্সাম এবং ক্রেডেনশিয়ালিংসহ একটি স্বয়ংসম্পূর্ণ সার্টিফিকেশন অভিজ্ঞতা।

৪। ওরাকলের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে লাইভ সেশন ও ব্যক্তিগত দিক-নির্দেশনা

৫। নতুন চাকুরী সন্ধানীদের জন্য পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা উপকরণ

বিনামূল্যে ওসিআই, ওরাকল অটোন্যোমাস ডাটাবেজসহ আরো ১০ টি কোর্সের সার্টিফিকেশন ওরাকল ইউনিভার্সিটি কর্তৃক ৩১ ডিসেম্বর ২০২১ নাগাদ উন্মুক্ত করা হবে। বিনামূল্যে ওসিআই ডিজিটাল প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচী সম্পর্কে বিস্তারিত জানা যাবে OCI free training and certification page সাইটে।