দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই .............. এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে বঙ্গবন্ধু পরিবারই। বিগত দিনে বিএনপি-জামায়াত সরকার গঠন করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দিয়ে ৩০ লাখ শহিদের সঙ্গে উপহাস করেছে। এদেশের জনগণ সেই ভুল আর কখনো করবে না, তারা কখনোই আর ঐ বিএনপি-জামায়াত শিবিরকে ক্ষমতায় দেখতে চায় না। দেশকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশ পরিচালনায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

গতকাল সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউজ চত্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এমপি নিক্সন আরো বলেন, বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে সঙ্গে দিনরাত পরিশ্রম করে উন্নয়ন করে যাচ্ছেন। তার হাত ধরে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামিম হক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের অর্থসম্পাদক শাহাদাত্ হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

এদিকে রাজবাড়ী প্রতিনিধি জানান, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি এক পথসভায় বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুুবলীগের কমিটি হতে যাচ্ছে। সেখানে কোনো অনুপ্রবেশকারী জামায়াত-শিবির, বিএনপি, রাজাকারের বংশধর থাকবে না। সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়া ফেরিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।