দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

সেবা ব্যাহত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক ও জনবলের সংকটে সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৈল্য বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, দন্ত চিকিত্সক, পরিসংখ্যান কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফসহ ১৪ জন ডাক্তার ও কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার পাঁচ ইউনিয়নের সহস্রাধিক মানুষ। এছাড়া বাকেরগঞ্জ উপজেলার নলুয়া, কলসকাঠি, লক্ষ্মীপাশা ও কবাই ইউনিয়নের জনসাধারণও এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিত্সা নিচ্ছে।

দেখা যায়, অ্যাম্বুলেন্সযোগে দুমকি হাসপাতালে সেবা নিতে আসা রোগী সেবা না পেয়ে হাসপাতাল থেকে রেফার নিয়ে পটুয়াখালী অথবা বরিশালে যাচ্ছে। সামান্য সেবা ছাড়া এখানে বড় ধরনের সেবা পাচ্ছে না তারা। সুস্থ হতে হলে পটুয়াখালী, বরিশাল ও ঢাকায় যেতে হচ্ছে।

অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিনসহ অন্যান্য ল্যাবে যন্ত্রপাতি থাকলেও নেই পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত জনবল, যার ফলে চিকিত্সাসেবা সঠিকভাবে দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দুমকিতে কোনো ভালো ল্যাব না থাকায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী পটুয়াখালী অথবা বরিশালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীনের সঙ্গে জনবলকাঠামোসহ অন্যান্য সমস্যার বিষয়ে আলাপকালে তিনি বলেন, ২৫ আগস্ট পটুয়াখালী সিভিল সার্জনের কাছে ডাক্তার ও নার্সদের কর্মরত ও শূন্য পদের চাহিদা পাঠানো হয়েছে।

এ বিষয় সিভিল সার্জন পটুয়াখালী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অতি দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলকাঠামো পূরণ হবে বলে আশা করছি।’