ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে আখাউড়া রেলওয়ে থানায় অটোরিকশাচালকের বিরুদ্ধে মামলাটি করেন বাংলাদেশ রেলওয়ে টিম্যান দ্বীন মোহাম্মদ। আসামি শিরু মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা। এর আগে রবিবার ভোরে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেন সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী সাদেক মিয়া ও তার দুই ছেলে রুবেল এবং পাবেল মারা যান। তাদের বাড়ি সদর উপজেলার রাজঘর গ্রামে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, অটোরিকশাচালক শিরু মিয়া ঐ দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ঢাকায় চিকিত্সাধীন আছেন।
