চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল, সিএনজি, পিকাপ, ট্রাক, হ্যান্ড ট্রলিসহ বিভিন্ন গাড়ি জব্দ করে মামলা দায়ের করে থানায় পুলিশ হেফাজতে নিয়েছে। জব্দকৃত এসব গাড়ি দীর্ঘদিন থেকে থানায় অবহেলা আর অযত্নে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে চাটখিল থানায় গিয়ে দেখা যায়, থানা চত্বরের ভেতরে খোলা আকাশের নিচে পুলিশের জব্দকৃত একটি ট্রাক, একটি মাহিন্দ্র ট্রাক্টর, একটি মাইক্রোবাস, একটি পিকাপ, দুটি হ্যান্ড ট্রলি, পাঁচটি সিএনজি ও শতাধিক মোটরসাইকেল পড়ে আছে। রোদ-বৃষ্টিতে গাড়িগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এসব গাড়ি পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন হওয়ায় এবং অন্যান্য অভিযোগে জব্দ করে থানায় নিয়ে আসে। দীর্ঘ ১০ বছর থেকে থানার ভেতর গাড়িগুলো পড়ে আছে। জব্দকৃত লাখ লাখ টাকার গাড়িগুলো নিলামে বিক্রি না করায় সরকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে দিন দিন একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে জব্দকৃত গাড়িগুলো। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জব্দকৃত এসব গাড়ি আদালতের নিয়ন্ত্রণে, তবে আদালতে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব গাড়ি থানায় আছে। আদালতের আদেশ ছাড়া গাড়িগুলোর বিষয়ে থানা পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
