সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

হাতিয়ায় মাছ ধরার ট্রলারডুবিতে এক জনের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা বৈরি আবহাওয়ার কারণে রবিবার বিকালে হাতিয়ায় মেঘনা নদীতে দুইটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার ভোরে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মেঘনা নদীর ইসলাম চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউছুফ মাঝি চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের হোসেনের ছেলে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন আবুল কালাম নামের আরো এক জেলে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিহত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে দোকানঘরসহ ১৮ স্থাপনা পুড়ে ছাই

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট পৌরসভার হরিপুর পশ্চিম পাড়া (ব্র্যাক অফিস-সংলগ্ন) নামক স্থানে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর, বাসাবাড়িসহ ১৮টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, আগুনে পাঁচটি দোকানঘর, বাসাবাড়িসহ ১৮টি স্থাপনা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে পাঠানো হবে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

কক্সবাজার গণপূর্ত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুন, সম্পাদক ইসহাক

কক্সবাজার প্রতিনিধি বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৯ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মো. এনামুল হক। সম্প্রতি কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম সোহাগ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে লিখিত কমিটি অনুমোদন পত্রে বলা হয়, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনুমোদিত কমিটি দায়িত্ব পালন করবে। কক্সবাজার জেলা কমিটির নতুন সভাপতি হয়েছেন মো. হারুন উর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আবু ইসহাক। এতে সহসভাপতি মো. আসফাক আজম খান, মো. ফরিদ আলম, যুগ্ম-সম্পাদক মো. আবদুল আউয়াল জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের, প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, অর্থ-সম্পাদক সুজয় পাল ও দপ্তর সম্পাদক রনজিত কুমার শীল।

কৃষি উন্নয়নে জেলা সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জে জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারির গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আয়োজিত এ সেমিনারের ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস।

দুস্থ নারীরা পেল সেলাই মেশিন

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা সারিয়াকান্দিতে ৪০ জন দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহাদারা মান্নান এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মেয়র মতিউর রহমান মতি, কাজলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ প্রমুখ।

এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সাব-কম্পোনেন্ট আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিতাস উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোর্শেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আনোয়ারা চৌধুরী প্রমুখ।

গ্রাম পুলিশরা পেল বাইসাইকেল

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলায় ৭৫ জন গ্রাম পুলিশের মধ্যে বিনা মূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।