করোনাকালীন সংকটে রবিদাস জনগোষ্ঠী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

যুগ যুগ ধরে মানুষের পায়ের জুতা সৌন্দর্যবর্ধন, মেরামত ও তৈরি করার কাজে নিয়োজিত রবিদাস (চর্মকার/পাদুকা শিল্পী) সম্প্রদায়। বৈশ্বিক মহামারি করোনায় কর্মহীন হয়ে পড়েছিলেন নগর-বন্দর-মফস্সলে কর্মরত এই জনগোষ্ঠীর মানুষ, যার রেশ এখনো কাটেনি।  মানবেতর জীবনযাপন করছে ‘দিন এনে দিন খাওয়া’ পর্যায়ের এই জনগোষ্ঠীর পরিবারগুলি। রবিদাসদের সিংহভাগই রাস্তার পাশে, পাড়া বা মহল্লায় বসে অথবা ফেরি (ভাসমান) করে জুতার কাজ করে জীবিকা নির্বাহ করে। অতিমারিতে যদিও পুরো বিশ্ববাসীই সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছিল, তবু রবিদাসদের কষ্ট তুলনামূলক বেশি। অর্থনৈতিক অসচ্ছলতার দরুন তাদের কারো কাছেই মাস্ক ছাড়া করোনাভাইরাসের অন্য কোনো সুরক্ষা সরঞ্জাম দেখা যায়নি। আয় কমে যাওয়ায় দুর্দিনেও তারা পায়নি তেমন কোনো সরকারি-বেসরকারি সহায়তা। সমাজের অত্যন্ত অনগ্রসর এই জনগোষ্ঠীর জন্য প্রণোদনা প্রদানসহ পাদুকা/চামড়াশিল্পে রবিদাসদের সর্বোচ্চ অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাই।

শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রবিদাস ফোরাম, নওয়াব স্ট্রিট, ওয়ারি, ঢাকা ১২০৩