স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন রানার্সআপ সবই নির্ধারণ হয়ে গেছে। এএফসি কাপে খেলতে যাওয়ার কারণে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের তিন খেলা বাকি ছিল, সেটি আগামী সোমবারের মধ্যে শেষ হয়ে যাবে। লিগ শেষ তাই প্রচারের আলোয় আসার জন্য বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলন ডেকে জানালেন আগামী মৌসুমে লিগ শুরু হবে। কবে শুরু হবে সেটি বলতে পারলেন না। ইউরোপে দলবদল শেষ হয়ে খেলাও শুরু হয়ে গেছে। আর এখানে এখনো হবে হবে করা হচ্ছে। সালাম জানিয়েছেন, এবছরই নতুন মৌসুম শুরু হবে। স্বাধীনতা কাপ দিয়ে খেলা শুরু হবে। এরপর ফেডারেশন কাপ টুর্নামেন্ট হবে। তার পর লিগ মাঠে গড়াবে। কবে হবে দলবদল তা নিয়ে আলোচনাই উঠেনি। আগে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবে বাফুফে, তার পর দলবদলের বিষয়টি টেবিলে উঠবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
স্বাধীনতা দিবস চলে গেছে। সামনে আছে বিজয় দিবস। বাফুফে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতা দিবস টুর্নামেন্ট আয়োজন করবে বলে গতকাল দুপুরে সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সালাম মুর্শেদী দায় স্বীকার করে নিয়েছেন। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুব ফুটবল দল গঠন করার কথা থাকলেও সেটি তিনি আদায় করে নিতে পারেননি। সালাম বলেছেন, ‘আমি আগামীতে দায়িত্বে থাকলে যুব দল গঠন করার উদ্যোগ নেব। সালাম বলেন, ‘এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’ দলবদল নিয়ে আলোচনায় ক্লাবগুলোর সঙ্গে বসে আগেই জানিয়ে দেওয়া হবে লিগের খেলতে ঢাকার বাইরে যাওয়া লাগবে। সালাম জানিয়েছেন, পাঁচ ছয়টা ভেন্যু নির্ধারণ করে দেওয়া হবে। সেখানে খেলতে যেতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। কমলাপুরে টার্ফ আছে। কিন্তু ক্লাবগুলো টার্ফে খেলতে চায় না। স্বাধীনতা কাপের জন্য প্রিমিয়ার লিগের দল ছাড়াও বাছাই করে দুই বা তিনটি দল নেওয়া হতে পারে। বাছাইয়ে সার্ভিসেস দল, শিক্ষা বোর্ড অংশগ্রহণ করতে পারে। সব কিছু নিয়ে সিদ্ধান্ত হবে ১৬ সেপ্টেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায়।
ব্রাদার্স ও আরামবাগের আবেদন
প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নেমে যাওয়া ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ নেমে যেতে চায় না। তারা প্রিমিয়ারে থাকতে চায়। আবেদন করে জানিয়েছে, ‘আমাদের রেখে দাও।’
