স্পোর্টস রিপোর্টার
সকালেই মিরপুর স্টেডিয়ামে হাজির জাতীয় দলের তিন নির্বাচক। একটু পর বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও আসলেন। তারপর নির্বাচকদের রুমে প্রায় তিন ঘণ্টা ব্যাপী মিটিং করলেন তারা। দুপুর ২টার দিকে স্টেডিয়াম ত্যাগের আগে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসর নিয়েই হয়েছে লম্বা মিটিং। আট দলের প্রাথমিক স্কোয়াড তৈরি হয়েছে।
আগামী মাসের মাঝামাঝি (সম্ভাব্য ১৫ অক্টোবর) শুরু হবে এনসিএল। দেশের প্রধান প্রথম শ্রেণির টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে ২০ সেপ্টেম্বর। পরে ১-৩ অক্টোবর ফিটনেস টেস্ট দেবেন সবাই। তারপরই স্কিল ক্যাম্প শুরু হবে। খেলা শুরুর আগে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। জানতে চাইলে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘প্রাথমিকভাবে দুটি ভেন্যু ঠিক হয়েছে, সিলেট ও কক্সবাজারে খেলা হবে। সিলেটে প্রথম স্তর ও কক্সবাজারে দ্বিতীয় স্তরের খেলা হবে। প্রতিটি দলের স্কোয়াড হবে ২০ সদস্যের। ১৬ জন মূল দলে এবং বাকি চার জন স্ট্যান্ড বাই থাকবে।’
