অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ নয় :মেয়র আতিক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০২

কোনো অবৈধ দখলদার ছাড় পাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিশ দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গতকাল গাবতলী বেড়িবাঁধ-সংলগ্ন অ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে বেদখল হওয়া জমি উদ্ধার করা হবে। গাবতলী হাটের পেছনের দিকের অংশে দেওয়াল নির্মাণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় পকেট গেট রয়েছে। এগুলোসহ পূর্ব দিকের কিছু অংশ দখল হয়েছে। এগুলো উদ্ধার করা হবে।

মেয়র বলেন, ‘এখানে ওয়াসার ৫৪ একর জমি অধিগ্রহণ করা আছে। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে, তাদের সরকার টাকাও দিয়েছে। কিন্তু এই জায়গা তারা আবার দখল করেছে। যে যার মতো করে দখল করে রেখেছে, কাজ করতে গেলেই বাধা আসে। তবে আমাদের কাজ শুরু হয়েছে। দখলদারেরা কেউ ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিসহ সবাইকে সোচ্চার হতে হবে। অভিযানকালে স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।