ইত্তেফাক রিপোর্ট
নানা আয়োজনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিন উদ্যাপন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার সুযোগ্য দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জন্মদিনের মতো আনন্দদায়ক অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখেন। তবে নেতাকর্মী-সমর্থকরা এই শুভক্ষণকে হাতছাড়া করতে রাজি নন। কেউ কেউ শুভেচ্ছাবার্তায় বঙ্গবন্ধুর পরিবারের অন্যদের ছবি, শেখ রেহানার বিভিন্ন কর্মকাণ্ড এবং জন্মদিন উপলক্ষ্যে তাকে নিয়ে তৈরি করা পোস্টার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনও ফেসবুকে শেখ রেহানার একটি পোস্টার শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা জানিয়ে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না লিখেছেন, ‘শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। আগামী দিনগুলোতে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রিয় ছোট আপা।’ শেখ রেহানার জন্মদিন উদ্যাপন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। গতকাল সোমবার রাজধানীর পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় শেখ রেহানার জন্মদিনে বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে মহানগর দক্ষিণ যুবলীগ।
