ছাত্রদলের সাবেক সভাপতিসহ চার জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানসহ চার জনকে  জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ড আবেদন নাকচ করে দিয়ে গতকাল  ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।

৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশের এসআই (নিরস্ত্র) মইনুল ইসলাম চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে গতকাল  রিমান্ড শুনানির দিন দিয়েছিলেন। সে অনুযায়ী আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জিয়া উদ্দিন জিয়াসহ বেশ কয়েক জন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈদুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা ও রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।’