ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শ্যামলীতে রাজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে মোছা. আসমা ওরফে লিমা বেগম ওরফে কবিতা নামে এক নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। এতে জড়িত অভিযোগে এক জনকে রবিবার গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তার নাম মো. খোকন ভূঁইয়া। গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ।
ভুক্তভোগীর স্বামী জানান, গত ৭ সেপ্টেম্বর লিমা বেগম ফার্মগেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। রাত ১০টা পর্যন্ত লিমা বেগমের সঙ্গে তার কথা হয়। পরবর্তী সময়ে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পান তিনি এবং খোঁজ নিয়ে পর দিন নিখোঁজ স্ত্রীর লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন। পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ হোটেল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে। এরপর তার স্বামী গত ১০ সেপ্টেম্বর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁ জোনাল টিম।
