অসুস্থ সু চি আদালতে অনুপস্থিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

ইত্তেফাক ডেস্ক

অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি। তার আইনজীবীর এই তথ্যে আদালতে তার বিরুদ্ধে চলা মামলার শুনানি মূলতবি করেন বিচারক। সু চির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ কয়েকটি অভিযোগে বিচার চলছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

গাড়িতে করে যাত্রাজনিত কারণে সু চি অসুস্থতাবোধ করছেন উল্লেখ করে সু চির আইনজীবী মিন মিন সোয়ে বলেন, গত ফেব্রুয়ারি থেকে তিনি বন্দি অবস্থায় আছেন, কোথাও যাওয়ার অনুমতি তার ছিল না। এ কারণে আদালতে আসার পথে দীর্ঘ সময় ধরে গাড়িযাত্রার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মাননীয় আদালতকে তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন এবং বলেছেন, তার বিশ্রাম প্রয়োজন। তিনি আরও বলেন, যদিও এটি বড় কোনো অসুস্থতা নয়, কিন্তু তারপরও, যেহেতু তার বয়স হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা তার স্বাস্থ্যগত বিষয়ে উদ্বিগ্ন। চলতি বছর পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি হন মিয়ানমারের নেত্রী সু চি, চলতি বছর যিনি ৭৬ বছর পূর্ণ করেছেন। সু চির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ঘুষ গ্রহণের অভিযোগে কয়েকটি মামলা করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকার। রাজধানী নেইপিডোর একটি আদালতে ইতোমধ্যে সেসব মামলার বিচার চলছে।