মালয়েশিয়ায় সরকার ও বিরোধীদের সঙ্গে সমঝোতা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধীদের মধ্যে একটা সমঝোতা চুক্তি গতকাল সোমবারই স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। খবর আলজাজিরার
রবিবার সন্ধ্যায় সরকার এবং বিরোধীদের পক্ষ থেকে এক বিবৃতিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। সোমবারই দেশটির পার্লামেন্টের প্রথম অধিবেশন বসছে। এই প্রথম প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্টের অধিবেশনে অংশ নিচ্ছেন। গত মাসে মুহিউদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ইসমাইল সাবরি ইয়াকুবকে রাজা প্রধানমন্ত্রী নিয়োগ দেন। তিনি আস্থা ভোটেও জয় পান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব, দেওয়ান নেগারা সভাপতি রইস ইয়াতিম, স্পিকার আজহার আজিজান হারুন এবং পিএইচ স্বাক্ষরকারীরা-পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম, ড্যাপ মহাসচিব লিম গুয়ান ইঞ্জ এবং আমানাহ সভাপতি মোহাম্মদ সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন- আনুয়ার মুসা (কেতেরেহ), অ্যান্থনি লোক (সেরেম্বান), সাইফুদ্দিন নাসুশন ইসমাইল (কুলিম-বন্দর বাহরু) এবং সালাহউদ্দিন আইয়ূব (পুলাই) সিনেটর ডোনাল্ড পিটার মজুনটিন। মালয়েশিয়া এখনও করোনা ভাইরাসের ডেলট ভ্যারিয়েন্ট নিয়ে লড়াই করছে। এর আগে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিরা একটি বিবৃতি দেন। দেশটিতে চলমান দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই এবং দ্বি-পক্ষীয় সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সবাই একমত হয়েছেন এবং আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে না।
