কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চার প্রার্থী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার মনোনয়ন জমা পড়ে নির্বাচনি রিটার্নিং অফিসার কার্যালয়ে।
তারা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিত্সক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি লুত্ফর রেজা খোকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ ছিদ্দিকী।
সোমবার দুপুর ১টায় কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদারের হাতে মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
এসময় উপস্থিত ছিলেন—কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ৭ অক্টোবর এই আসনে ভোট হবে।
