বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর স্থলভাগে উঠে দুর্বল হয়ে পড়েছে। এটি আর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই। নিম্নচাপটি ভারতের উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে রাতে ওড়িশা ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে যাবে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। টানা কয়েক দিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন ইত্তেফাককে বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় ১১ জেলা দুই থেকে তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপটি ওড়িশা উপকূলে উঠে গেছে। এটি আর ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে না। আজ মঙ্গলবার স্থল লঘুচাপে পরিণত হবে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া অন্য এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম এবং এর কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
