সিলেটের ওসমানীনগরে রাতের আঁধারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ফাস্ট ট্র্যাক এটিএম বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করলেও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার কিংবা মূল রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
ঘটনার পর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ ব্যাংক কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার সময় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও থানা পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। ব্যাংক শাখা কর্মকর্তাদের এমন রহস্যজনক ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের মধ্যে ধূম্রজালের সৃষ্টি হচ্ছে।
