চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের অনবোর্ড অপারেশন বিল রেট পুনঃনির্ধারণ নিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক ত্রি-পক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অনবোর্ড অপারেশন বিল রেট কনটেইনার কার্গোর ক্ষেত্রে ৪.৫ শতাংশ হারে এবং বাল্ক কার্গোর ক্ষেত্রে ৫.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এই সংক্রান্ত আদেশ আগামী ১৩ নভেম্বর বাল্ক কার্গোর ক্ষেত্রে ও আগামী বছরের ১৩ মার্চ থেকে কনটেইনার কার্গোর ক্ষেত্রে অষ্টম দফায় রেট বৃদ্ধির তারিখ থেকে কার্যকর হবে।
চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের অনবোর্ড অপারেশন বিল রেট পুনঃনির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হারবার) মো. জাফর আলমের সভাপতিত্বে চবক বোর্ডরুমে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। সভায় চলমান অনবোর্ড অপারেশন বিল রেট বৃদ্ধি বিষয়ক দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান করা হয়। বর্তমানে চলমান চট্টগ্রাম বন্দরের অস্থায়ী আদেশ অনুযায়ী অনবোর্ড অপারেশন বিল রেট বৃদ্ধির হার কনটেইনার কার্গোর ক্ষেত্রে ৪ শতাংশ এবং বাল্ক কার্গোর ক্ষেত্রে ৫.৫ শতাংশ।
