হজ কার্যক্রম নিয়ে আলোচনা করতে সৌদি আরব গেল বাংলাদেশ প্রতিনিধিদল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

আগামী বছরের পবিত্র হজ কার্যক্রম নিয়ে আলোচনা করতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল গতকাল সোমবার সৌদি আরব গেছে। সৌদি সফরকালে তারা ১৪৪৩ হিজরি সালের ওমরাহ এবং সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়াও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা আছে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই দিনে প্রতিনিধিদল মক্কায় হাজিদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবেন। তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। তারা জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসগুলো পরিদর্শন করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর মদিনার ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ-সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের কথা আছে বাংলাদেশ প্রতিনিধিদলের। সফর শেষে তারা আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।