র্যাব সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

র্যাব সদর দপ্তরে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কনস্টেবল শুভ মল্ল (২৫)। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে র্যাব সদর দপ্তরে প্রবেশগেটের কাছে এ ঘটনা ঘটে। অসাবধানতাবশত নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে শুভ মারা গেছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের থুতনির নিচ দিয়ে একটি গুলি ঢুকে মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে। ঘটনার পরপরই শুভ মল্লকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিত্সক শুভকে মৃত ঘোষণা করেন।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তার মৃত্যুর বিষয়টি তদন্ত করতে র্যাবের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি, তার ব্যবহূত আগ্নেয়াস্ত্রের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে সেটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ঘটেছে—তা নিশ্চিত হতে পারিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ সূত্র জানায়, নিহত শুভ মল্লের লাশ ময়নাতদন্তের জন্য বিকালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্ত হবে।

অপরদিকে, র্যাব সদর দপ্তরের নিচতলায় অবস্থিত বিমানবন্দর থানা পুলিশও কনস্টেবলের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে। শুভ মল্লর গ্রামের বাড়ি চট্টগ্রামের জোয়ারকরের হাটে। তার বাবার নাম কালু মল্ল। ২০১৫ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। আর চলতি বছরের মার্চে প্রেষণে র্যাবে যোগ দিয়েছিলেন তিনি।

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মেহেদী হাসান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। তিনিও নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ।