মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের চিনা প্রকৌশলীসহ দুই জনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয় কতিপয় জমির মালিক ও তাদের লোকজন। সোমবার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের পশুর নদের চিলা-জয়মনির কোলাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী স্থানীয় চার-পাঁচ জন জমির মালিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের ঐ ড্রেজিং প্রকল্পের খননকাজে নিয়োজিত চিনা প্রকৌশলী মি. অং ইয়াও (৪৫) ও সাইড ইঞ্জিনিয়ার তন্ময় (৪০) কাজের তদারকির জন্য সোমবার বেলা ১১টার দিকে কোলাবাড়ী এলাকায় যান। সে সময় সেখানকার কতিপয় জমির মালিক ও তাদের লোকজন ঐ দুই প্রকৌশলীর ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে আহত প্রকৌশলী তন্ময়কে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
