সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যত্। সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষার সময়। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই। গতকাল সোমবার বিকালে সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে সামসুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, দীপক বণিক, এ এইচ এম মাসুদ দুলাল প্রমুখ।
