স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ২০ সেপ্টেম্বর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য রাখা হয়েছে। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য গতকাল সোমবার এই দিন ধার্য করে দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রবিউল আলম।

গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঐ ঘটনায় র্যাব-১-এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে। গত ৪ এপ্রিল আসামি মালেকের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করা হয়। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করে দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান।