জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনে দলটির সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী আর নেই। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোর সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছেলে ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী ও কন্যা ব্যারিস্টার সানজিদা রশীদ চৌধুরীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমা মাসুদা রশীদ চৌধুরীর প্রথম জানাজা গতকাল বাদ জোহর মগবাজারে মরহুমার বাড়িতে অনুষ্ঠিত হয়। বাদ আসর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রামে লালদিঘী মাঠে বাদ জোহর তৃতীয় এবং বাদ আসর রাউজানের গহীরা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমা মাসুদা রশীদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
