প্রকাশিত হলো পররাষ্ট্রমন্ত্রীর বই ‘বাংলাদেশ-একুশ শতকের পররাষ্ট্রনীতি :উন্নয়ন ও নেতৃত্ব’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নতুন বই ‘বাংলাদেশ-একুশ শতকের পররাষ্ট্রনীতি :উন্নয়ন ও নেতৃত্ব’ প্রকাশিত হয়েছে। নিমফিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত এ বইয়ে স্থান পেয়েছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে বাংলাদেশের অংশগ্রহণ ও তার প্রেক্ষাপটসহ পররাষ্ট্রনীতির খুঁটিনাটি বিষয়। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে ছয় বছর প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতার নানা দিকও ড. মোমেনের লেখনীতে উঠে এসেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ বিষয়ক বিশদ আলোচনা বইটিতে স্থান পেয়েছে। এ বইয়ে প্রাধান্য পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতিবিষয়ক ভাবনা, পদক্ষেপ ও মানবিকতা। এছাড়া উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে উত্থাপিত বাংলাদেশের অনেকগুলো প্রস্তাব, যার মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ, টেকসই উন্নয়ন এবং সব জাতিসত্তার অব্যাহত উন্নয়ন ও মুক্তি।

ড. এ কে আব্দুল মোমেনের জাতীয় ও আন্তর্জাতিক নানা গবেষণাগ্রন্থে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা আড়াই শতাধিক। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘জাতির উদ্দেশ্যে ভাষণ :শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা :বিমুগ্ধ বিস্ময়’, ‘বাংলাদেশ :রোড টু ডেভেলপমেন্ট’, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়’, ‘বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বাংলাদেশ :উন্নয়ন ও ভবিষ্যত্ সম্ভাবনা’, ‘বাংলাদেশের স্বাধীনতা :প্রত্যাশা ও প্রাপ্তি’, ‘বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৫৫-১৯৭৫’, ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা :বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও কূটনীতি’, টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা :বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’, ‘সাউথ সাউথ কো-অপারেশন :ফাইন্যান্সিং এসডিজি’, ‘বাংলাদেশ কান্ট্রি অব এমপাওয়ারিং পিপল’, ‘বাংলাদেশ :ফোরটি ইয়ারস ইন দ্য ইউএন’।