গাজীপুরের কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ১৮ জন আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশক্রমে এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্তের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, পরিদর্শক (অপারেশন) সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় উপ-পরিদর্শকদের নিয়ে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশে বিশেষ অভিযান চালায়। অভিযানে সাজাপ্রাপ্ত (মাদক), ডাকাতিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৮ জন আসামিকে আটক করা হয়। এ সময় সর্বমোট ৮৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
আরো পড়ুন: ১৫ দিন ধরে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া বলেন, মো. মাসুম, রায়হান বেপারী, মো. মাসুদ, মো. হারুন, আওলাদ হোসেন, মো. রনি, মোসলেহউদ্দিন, অপু আল মৃধা, প্রশান্ত ক্রুশ, মন রোজারীও, নাদিম উল্লাহ, মো. আবুল হোসেন শেখ ও ইলিয়াস মিয়াসহ গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
