সন্ধ্যা নদীতে দেবে গেল ফেরিঘাটেরগ্যাংওয়ে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাত্ করে সন্ধ্যা নদীতে দেবে গেল দুটি বসতঘর, পাঁচটি দোকানসহ ফেরিঘাটের গ্যাংওয়ে। সোমবার  বিকেল সাড়ে ৫টার দিকে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের শিয়ালকাঠি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অন্তত সাত জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।  রাতেই  ডুবে যাওয়া ফেরিঘাটের গ্যাংওয়ে উদ্ধারের কাজ শুরু হয়। এই কাজে বরিশাল ফেরি বিভাগের উদ্ধারকর্মীরা অংশ নেন।  বানারীপাড়া ফেরির মাস্টার মো. নান্নু জানান,  গ্যাংওয়ের উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বতর্মানে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় মো. জাহাঙ্গীর জানান, সন্ধ্যা নদীর এই স্থান কয়েক বার ভেঙেছে। এর আগে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। আবার ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে ভালোভাবে কাজ করা উচিত। স্থানীয় শিক্ষক ফারুক হোসেনও বলেন, ভাঙন ঠেকাতে ভালোভাবে কাজ করা উচিত। কিছু জিও ব্যাগ ফেলে কোনো লাভ হবে বলে মনে হয় না। অহেতুক কিছু অর্থ ব্যয় হবে।

বরিশালের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাহমুদ সুমন বলেন, ফেরির গ্যাংওয়ের কাছে সড়কসহ ৪০ ফুট ভেঙে গেছে। গ্যাংওয়ে প্রতিস্থাপনের কাজ চলছে। বরিশালের ফেরি ডিভিশন ও সওজের লোকজন কাজ করছেন।

উল্লেখ্য, সোমবার উল্লেখিত ঘটনার সময় শিয়ালকাঠি এলাকায় ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছিল।