মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

৩ নম্বর সতর্ক সংকেত

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলছে। সোমবার দিবাগত রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যায়। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও শতাধিক মত্স্যঘের তলিয়ে গেছে। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে অবস্থানরত পাঁচটি সার ও একটি চালের জাহাজের খালাস কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার বন্দরে সার, চাল, ক্লিংকার, মেশিনারী ও গ্যাসবাহী ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করে। এ বিষয়ে মোংলা বন্দরের স্টিভিডর ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্স এর ম্যানেজার প্রদীপ মহলদার বলেন, মোংলা বন্দরের হাড়বাড়িয়া চ্যানেলে অবস্থানরত একটি সারবাহী জাহাজে আমাদের প্রতিষ্ঠানের চার গ্যাং শ্রমিক কর্মচারী রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্য খালাস কাজ বন্ধ থাকায় আমাদের প্রতিদিন লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে। এছাড়া আমদানিকারককে জাহাজ ভাড়া বাবদ প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। অপরদিকে বন্দরের অন্যান্য পণ্যবাহী জাহাজের শিপিং এজেন্ট ও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলার সব স্লুইস গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা প্রদানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।