শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রব, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আফজল হক। এর আগে ভানুলাল রায় ও প্রেমসাগর হাজরা তাদের পূর্ববর্তী পদ হতে পদত্যাগ করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তপনজ্যোতি অসীম জানান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর।