দুই শিশুকে ধর্ষণের দায়ে এক জনের ৬০ বছর কারাদণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের মামলায় আবু সালাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।  আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ জুলাই জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্বপাড়া গ্রামের মোজাফ্ফরের বাড়িতে দুধ নিতে যায় দুই শিশু বান্ধবী। ফিরে আসার সময় পথে আবু সালাম শিশু দুটিকে টিভি দেখার কথা বলে বাড়ি ডেকে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। জেলা হাসপাতালে শিশু দুটির চিকিত্সা করা হয়। এ ব্যাপারে মামলা হলে পুলিশ আবু সালামকে গ্রেফতার করলেও জামিনে বের হয়ে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে আদালত মঙ্গলবার ঐ রায় ঘোষণা করে বলে জানান জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।