নওগাঁর চার উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রি. জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর এই চার উপজেলার মোট ৭ লাখ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে নিয়ামতপুর উপজেলার ১ লাখ ৭৫ হাজার ১টি, মান্দা উপজেলার ২ লাখ ৭৪ হাজার ৫০৩টি, মহাদেবপুর উপজেলার ২ লাখ ১১ হাজার ৬৭২টি এবং রানীনগর উপজেলার ১ লাখ ৩৩ হাজার ৮৭১টি।