কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় তিন দিনের ব্যবধানে আবারও ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার গোহট ইউনিয়নের নাউলা গ্রামে চাল ব্যবসায়ী মান্নানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মান্নান জানান, ২০/২২ জনের মুখোশধারী ডাকাতদল প্রথমে তার ছোট ভাই আব্দুল কাদেরের ঘরের তালা ভেঙে প্রবেশ করে লোকজনদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে তারা তার ঘরের দরজা ভেঙে গৃহে প্রবেশ করে একই কায়দায় লোকজনদের জিম্মি করে আলমারি ও সুকেস ভাঙচুর করে নগদ ১৮ হাজার টাকা, দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি স্মার্ট ফোন লুট করে। এদিকে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গোহট উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নাউলা গ্রামে ডাকাতির বিষয়টি কেউ অবগত করেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার আশ্রাফপুর গ্রামের মাহমুদা চৌধুরীর বাড়িতে ও আমুজান গ্রামের ডা. রুবেল তালুকদারের বাড়িতে দুটি ডাকাতির ঘটনা ঘটে।
