স্কুলব্যাগটি যেন বোঝা না হয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

শিশুশ্রেণি থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের পিঠে ভারী বইখাতার ব্যাগ দেখা যায়। দিনের পর দিন বাচ্চাদের পিঠে এই স্কুলব্যাগের ভার ক্রমশই যেন বেড়ে চলেছে। বইয়ের সঙ্গে শিশুদের ভালোবাসা সৃষ্টি করতে হবে। কিন্তু বেশি কিছু চাপিয়ে দিলে ভালোর থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি। প্লে ক্লাসের শিশুরা খেলতে খেলতে শিখবে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে, প্লে ক্লাসের একটি শিশুকে যত বই-খাতা স্কুলে বহন করতে হয়, তার থেকে উচ্চ শ্রেণির একজন শিক্ষার্থীকে তত বই বহন করতে হয় না। আমি যখন প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলাম তখন তিনটি  বই আর একটি খাতা এবং কলম নিয়ে স্কুলে যেতাম। আর এখন কেজি স্কুলে নার্সারিতে পড়ুয়ারা তার তিনগুণ বই-খাতা নিয়ে যায়। সঙ্গে পানির ফ্লাক্স, জ্যামিতি বক্স, রঙের বাক্স, টিফিন বক্স ইত্যাদি তো আছেই। শিশুদের পাঠ্যবই আনা-নেওয়ার কাজে নিয়োজিত না করে সৃজনশীল পাঠাভ্যাসের জন্য বিকল্প কিছু চিন্তা করা দরকার।

সিনথিয়া সুমি

শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ