দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী এফবিসিসিআই ও কসোভো চেম্বার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও কসোভো চেম্বার অব কমার্স। গতকাল মঙ্গলবার ফেডারেশন ভবনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া। সাক্ষাতে তিনি কসোভোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। কসোভোর অর্থনীতির উন্নয়নে বাংলাদেশকে পাশে চান রাষ্ট্রদূত গুনার ইউরিয়া। বাংলাদেশের সঙ্গে যৌথ মালিকানায় ওষুধশিল্পে বিনিয়োগ পেতে কসোভোর আগ্রহের কথা তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, কসোভোকে শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাই দেশটিতে বিনিয়োগ করলে তা এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, বেশ কিছু প্রতিষ্ঠান বিদেশে কারখানা স্থাপন করলেও, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ এখনো কিছুটা নিয়ন্ত্রিত। এ বিষয়ে শিথিলতা আনতে এফবিসিসিআই সক্রিয়ভাবে কাজ করছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের কাছে এফবিসিসিআই ও কসোভো চেম্বার অব কমার্সের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া হস্তান্তর করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. হাবিব উল্লাহ ডন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।