স্পোর্টস রিপোর্টার
করোনার ধাক্কায় দল গঠনের পরও দেড় বছর অপেক্ষায় থাকতে হয়েছে যুবাদের। একের পর এক সিরিজের পরিকল্পনা হয়েছে, আবার করোনার কারণে বাতিল হয়েছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বচ্যাম্পিয়ন আকবর আলীদের উত্তরসূরিরা প্রথম সিরিজেই বাজিমাত করেছে।
ঘরের মাঠে দুই ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে গেছে বাংলাদেশ যুব দল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার জুনিয়ররা। সহঅধিনায়ক আইচ মোল্লার সেঞ্চুরির পর বাঁহাতি স্পিনার নাইমুর রহমানের ঘূর্ণিতে জয় পায় স্বাগতিকরা। টানা তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিয়েছে মেহরব হাসানের দল।
সিরিজের প্রথম দুটি ম্যাচই হয়েছিল লো স্কোরিং। দুটি দলেরই এটি প্রথম আন্তর্জাতিক সিরিজ। তারপরও আফগান বাধা টপকে বাংলাদেশের যুবারা ১৬ রানে ও ৩ উইকেটের জয় পেয়েছিল। গতকাল তৃতীয় ম্যাচে ক্রমেই ছন্দে ফিরেছে স্বাগতিকরা। আইচ মোল্লার সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২২ রান তুলেছিল বাংলাদেশ। পঞ্চম ওভারে ৬ রানে ২ উইকেট পতনের পর উইকেটে এসেছিলেন আইচ মোল্লা। তারপর একপ্রান্ত আগলে খেলেছেন ৪৯তম ওভার পর্যন্ত। তুলে নিয়েছেন যুব ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। দলকে এনে দিয়েছেন বড় পুঁজি। তাই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে সেঞ্চুরিয়ান আইচ মোল্লার হাতে।
আউট হওয়ার আগে ১৩০ বলে ১০৮ রানের (৮ চার, ৪ ছয়) দারুণ ইনিংস খেলেন তিনি। এছাড়া মফিজুল ইসলাম ২৭, তাহজিবুল ইসলাম ১৮, আবদুল্লাহ আল মামুন অপরাজিত ৩২, আরিফুল ইসলাম অপরাজিত ৩ রান করেন। আফগানদের পক্ষে ফয়সাল খান ৩টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশের বোলিং তোপে ৩৯.৪ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে আফগান যুবাদের ইনিংস। সুলিমান সুফি ১৮, বিলাল সায়েদি ২২, ইজাজ আহমেদ ২১, জাহিদুউল্লাহ সালিমি ১৩ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাইমুর রহমান ১৭ রানে পান ৫ উইকেট। আগের ম্যাচেও ৪ উইকেট পেয়েছিলেন এ যুবা। রিপন মণ্ডল ৩টি, আরিফুল ইসলাম ২টি করে উইকেট পান।
উল্লেখ্য, সিলেটে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ সেপ্টেম্বর। ২২-২৫ সেপ্টেম্বর দুই দল একমাত্র চার দিনের ম্যাচটি খেলবে।
