স্পোর্টস রিপোর্টার
গত তিনটি সাফ চ্যাম্পিয়নশিপের আসরে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার গ্রুপ পদ্ধতি নেই। পাঁচ দেশ লিগ পদ্ধতিতে খেলবে। বাংলাদেশের সম্ভাবনা আছে কি না, সেটাও অনিশ্চিত। অনেকেই মনে করেন, ফাইনাল খেলার সম্ভাবনা আছে। লিগ পদ্ধতিতে খেলা হলে একটা সুযোগ থাকে। যেমনটি মনে করছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার চোখে যে সম্ভাবনা দেখছেন, সেটিও উড়িয়ে দিচ্ছেন না তিনি। চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপ ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে। সাফের দেশগুলো নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল খেলবে সাফে। ভুটান খেলবে না জানিয়েছে আর পাকিস্তান নিজেদের ঝামেলায় আটকে আছে। পাঁচ দেশ নিয়েই সাফ শুরু হবে।
জামাল ভুঁইয়া দেখছেন, ফাইনাল খেলতে পারছে তার বাংলাদেশ। প্রশ্ন উঠছে, ফাইনাল খেলতে হলে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিততে হবে। বাংলাদেশ কি পারবে সেই তিন ম্যাচ জিততে? ফিকশ্চারে আছে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর ভারত, মালদ্বীপ এবং শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। সেরা দুই দল ফাইনাল খেলবে। ফাইনালের টিকিট পেতে হলে তিন ম্যাচ জিততে হবে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচ হলেও ভারতের জন্য সাফের প্রথম ম্যাচ। সর্বশেষ রেজাল্ট বলছে, বিশ্বকাপ বাছাইয়ে ভারত ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। শুধু তাই নয়, গত তিনটি সাফে ভারত ও মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। যাদের পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসবে, তারা কীভাবে টানা জয়ে ফাইনালে উঠবে? জামাল ভুঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘২০১৩ সালে আমার ক্যারিয়ার শুরু। তবে ভারত ও মালদ্বীপের বিপক্ষে আমার ক্যারিয়ারে কখনো জয় নেই। ড্র আছে।’ জিততে পারেননি বলে এবারও জিতবেন না, সেটা মানতে রাজি নন জামাল ভুঁইয়া। জামাল বলেন, ‘সাফের ফাইনাল খেলতে হলে ১০ পয়েন্ট লাগবে। সেটা করতে হলে আমাদের ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। আমাদের ভালো সুযোগ আছে।’
বাংলাদেশকে আবারও হারাতে কঠিন প্রস্তুতি নিচ্ছে ভারত। বাংলাদেশ ম্যাচ নিয়ে তারা অনেক পরীক্ষা-নিরীক্ষা করছে। নেপালে প্রীতি ম্যাচ খেলে এখন কলকাতায় অনুশীলন করছে ভারত। আর কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে তিন ম্যাচ হেরে ঘরে ফিরেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়া বললেন, ‘কিরগিজস্তানে আমরা নতুন ফরমেশনে খেলেছি। ৩-৪-৩ ফরমেশনে খেলিয়ে কোচ দেখেছেন আমরা কতটা পারি। কিন্তু তাতে কাজ হয়নি, আমরা পারিনি। আগের ফরমেশনে ফিরে যেতে হবে আমাদের।’
জাতীয় দলে এবার ঢুকতে পারেন বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। তার সম্পর্কে জামাল বলেছেন, ‘কিংসলে থাকলে ভালো হয়। সামনে বল ধরে খেলতে পারে, এমন ফুটবলার দরকার। আমাদের বক্সের খেলোয়াড়টি নেই। কিংসলেকে পেলে অবশ্যই আমাদের দলের জন্য ভালো হয়।’
কবে নাগাদ জাতীয় দলের প্রশিক্ষণ শুরু হবে? কোচ জেমি কয়েক দিন আগে বলেছিলেন, ২০ সেপ্টেম্বর শুরু হবে। আর সোমবার বাফুফে জানিয়েছে, ২০ সেপ্টেম্বর লিগের শেষ ম্যাচটা খেলেই খেলোয়াড়েরা সোজা ক্যাম্পে উঠবেন। জামাল বলেন, ‘আমিও কোচকে বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনিং শুরু করতে। ট্রেনিংয়ে না থাকলে আমাদের ফিটনেস আবার কমে যাবে। অন্তত যাদের খেলা শেষ হয়ে গেছে তাদের নিয়ে ট্রেনিং শুরু করা উচিত। কিন্তু কোচ বলেছেন, সেটার সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন।’
