নভেম্বরে আসছে পাকিস্তান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার

মরুর বুকে আইসিসি টি-২০ বিশ্বকাপ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অধীনে দুটি টেস্ট খেলবে বাবর আজমের দল। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ মিশন শেষেই তাই ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা।

তবে সফরকারীরা কবে ঢাকায় এসে পৌঁছাবে, তা প্রকাশ করা হয়নি সূচিতে। ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে, হয়তো ১৫ নভেম্বরই ঢাকায় থাকবেন বাবর-রিজওয়ানরা। সূচি অনুযায়ী মিরপুরে আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ থেকে ৩০ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।

ছয় বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। এর আগে ২০১৫ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলে গিয়েছিল তারা। সেবার মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। পরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডেতে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

সিরিজের একমাত্র টি-২০ ম্যাচেও শহিদ আফ্রিদির দলকে হারিয়েছিল টাইগাররা। গত বছর পাকিস্তান সফরে গিয়ে টি-২০ সিরিজ ও টেস্টে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপ টি-২০ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান দল।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

তারিখ           ম্যাচ                         ভেন্যু

১৯ নভেম্বর         প্রথম টি-২০                        মিরপুর

২০ নভেম্বর         দ্বিতীয় টি-২০                       মিরপুর

২২ নভেম্বর         তৃতীয় টি-২০                       মিরপুর

২৬-৩০ নভেম্বর   প্রথম টেস্ট                           চট্টগ্রাম

৪-৮ ডিসেম্বর      দ্বিতীয় টেস্ট                          মিরপুর

(তিনটি টি-২০ ম্যাচই দিবারাত্রির)