চ্যাম্পিয়নদের নতুন টার্গেট ৬৭ পয়েন্ট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার লিগের অবশিষ্ট তিন ম্যাচ গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে। এএফসি কাপে খেলতে গিয়েছিল বলে বসুন্ধরার তিন ম্যাচ বাকি ছিল। গতকাল প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন এলিটা কিংসলে। খেলার শেষ ভাগে ব্রাজিলিয়ান রবসন ম্যাচের তৃতীয় গোল করেন। চার ম্যাচ হাতে রেখে আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে মালদ্বীপে এএফসি কাপে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়নদের এখন আর হারানোর কিছু নাই। তাই বলে তারা ছেড়েও দেবে না। যদিও কিছু কিছু ফুটবলারকে বিশ্রামে দেওয়া হয়েছে, তার পরও তিন ম্যাচ নিয়ে সিরিয়াস চ্যাম্পিয়নরা। গোলকিপার জিকো ক্লাব ফুটবল ও জাতীয় দলে ব্যস্ত ছিলেন। তাকে ছুটি দেওয়া হয়েছে। আর্জেন্টাইন রাউল অস্কার অসুস্থ, তিনি গতকাল খেলতে পারেননি। রাউল অস্কার খেলতে পারেননি বলে তার জায়গায় এলিটা কিংসলে খেলেছেন। এছাড়া কিছু নতুন খেলোয়াড় একাদশে জায়গা পেয়েছেন। বসুন্ধরার টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু জানিয়েছেন, তারা বেঞ্চে বসে ছিলেন, তাদের খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে আমরা একটা টার্গেট করেছি। তিন ম্যাচ জিততে চাই। তিনি বলেন, ‘গত মৌসুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ৬২ পয়েন্ট নিয়ে। এবার সেটা অতিক্রম করতে চাই। কালকের জয়ে ৫২ পয়েন্ট হয়েছে। আরো তিন ম্যাচ বাকি আছে। দ্বিতীয় ম্যাচ শেখ রাসেলের বিপক্ষে, শেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে। শেখ রাসেলের বিপক্ষে জিতলেই ৫২ অতিক্রম করবে। আর আবাহনীকে হারাতে পারলে পয়েন্ট হবে ৬৭।’