স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ১১ বছর আগে। ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে লাসিথ মালিঙ্গার ক্যারিয়ার টিকে ছিল শুধু টি-টোয়েন্টিতে। অবশ্য গত এক বছর খুদে সংস্করণেও ম্যাচ খেলতে পারেননি। সর্বশেষ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে সুযোগ হয়নি। যার মাধ্যমেই বিদায়ি ম্যাচ খেলার আশাও ফিকে হয়ে গেছে।
তাই গতকাল ৩৮ বছর বয়সে টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিলেন মালিঙ্গা। যার মাধ্যমে সব ফরম্যাট থেকেই অবসরে গেলেন লঙ্কান এ পেসার। শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রায় দুই দশকের ক্যারিয়ার।
ব্যতিক্রমী বোলিং অ্যাকশন, ঝাঁকড়া-বাহারি চুল, গতিময় বোলিং, ক্ষুরধার ইয়র্কারে ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন মালিঙ্গা। অবসরে যাওয়ার সময়ও টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি (১০৭) তিনি। গতকাল নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন এ লঙ্কান। বলেছেন, ‘আজকে আমার টি-টোয়েন্টি খেলার বুটগুলোকে শতভাগ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যারা টি-টোয়েন্টি ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন ও আশীর্বাদ দিয়েছেন। আগামী দিনে তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই।’
