গত বছরের বন্যা আর মাটির ট্রাকের চাকার দলনে ধামরাইয়ের অনেক গ্রামীণ সড়ক যান ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঐ সব সড়কে চলাচলাকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ দিন ধরে। বছর পেরিয়ে গেলেও বন্যা-পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত এ সব সড়ক মেরামত বা সংস্কার করা হয়নি। সংগত কারণে ‘সড়কগুলো কবে মেরামত করা হবে?’ এমন প্রশ্ন সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে। ধামরাইয়ের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলেও বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা ঐ সব উন্নয়নের আলোকে ম্লান করে দিয়েছে। বাথুলী বাসস্ট্যান্ড থেকে বেলীশ্বরের ভেতর দিয়ে খানাখন্দে ভরা জালসার সংযোগ সড়কটি দীর্ঘ দিন ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগে ফেলে রেখেছে। বাথুলী বাসস্ট্যান্ড থেকে রাজনগরগামী গ্রামীণ সড়কটির একই অবস্থা। বাথুলী বাজার থেকে মাত্র ১০০ গজ দূরত্ব পেরিয়ে জুতা স্যান্ডেল হাতে করে এক হাঁটু পরিমাণ কাদাপানির সঙ্গে যুদ্ধ করে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে উঠতে হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এমন আরো সড়ক রয়েছে যেগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে এলাকাবাসী।
