গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য মায়ের দাবি হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

নবাবগঞ্জে  গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মায়ের দাবি—তাকে হত্যা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর উপজেলার বক্তারনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাকলীর স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক। গৃহবধূর মায়ের দাবি, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওরা আমার মেয়েকে খুন করেছে। ওর ঘাড় ভাঙা  ও গলা ফুলা ছিল। ওর মুখে কোনো বিষাক্ত জিনিসের গন্ধ আমি পাই নাই। যৌতুকের জন্য আমার মেয়েকে সব সময় মারধর করত। ওরা যদি অপরাধী না হবে তবে পলাতক কেন। মেয়ের খুনের বিচার চাই।’

তিনি জানান, দুই বছর আগে বক্তারনগর গ্রামের আব্দুল রাজ্জাকের সঙ্গে কাকলীর বিয়ে হয়। সে সময় স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ যৌতুক হিসেবে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও মেয়ের কাছে টাকার জন্য চাপ দিত জামাতা। বাধ্য হয়ে কিছুদিন আগে আরো ১ লাখ টাকা দেওয়া হয়। তবুও জামাতা ও তার পরিবারের লোকজন মেয়েকে নির্যাতন করত। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।